জাতীয়

ফার্নেস তেলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

ঢাকা, ৩০ জুন – বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার তেলের দাম হবে ১০৯ টাকা ১০ পয়সা। এর আগে গত মে মাসে প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই তথ্য জানানো হয়। নতুন এই দাম মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করতো।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে হস্তান্তরের পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি তেলের দাম ঘোষণা করে। এবার চতুর্থবারের মতো ফার্নেস তেলের দাম সমন্বয় করা হলো।

বিপিসির অধীন থাকা চার সরকারি তেল বিপণনকারী কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা হচ্ছে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language