ব্যবসা

এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলন শনিবার

ঢাকা, ১৪ জুলাই – ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ব্যবসায়ী সম্মেলন।

সম্মেলনকে সামনে রেখে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতি হওয়ার পথে।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে ব্যবসায়ী সম্মেলন হতে যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এসব সম্ভাবনা ও কিছু সমস্যা তুলে ধরবেন ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলগমীর ও হাবিব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গত মার্চে অনুষ্ঠিত সম্মেলনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে নানা ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে। সেগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবারের সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

তিনি জানান, ব্যবসায়ী সম্মেলনে সারা দেশের চেম্বার, বিশেষায়িত চেম্বার, পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন, রপ্তানিকারক ও বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের নেতারা যোগ দেবেন। একইসঙ্গে শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও অংশ নেবেন।

‘সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language