বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা মাউশির

ঢাকা, ১১ জুলাই – দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়ায় দুর্যোগকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত রোববার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। যা দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা-উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদপ্তরে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালককে জানাতে হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জুলাই ২০২৩









