ফ্রান্সের উৎসবে বাংলাদেশের ট্রানজিট

ঢাকা, ১৯ ডিসেম্বর- আসছে বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক দুই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’। এটির নির্মাতা আরিক আনাম খান।
জানা গেছে, ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ফ্রান্সের ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া বাংলাদেশে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ক্লেরমন-ফেরান উৎসব পৃথিবীর বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে উৎসব। এ বছর প্রায় সাত হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে মাত্র ৭৮টি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। এবার উৎসবটির ৪২তম আসর। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
‘ট্রানজিট’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম, শারমীন আঁখি, বৈদ্যনাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেন ইমন প্রমুখ।
আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’
আরিক আনাম খান গণমাধ্যমে বলেন, এটা আমার জন্য খুব আনন্দের। কারণ বিশ্বের অন্যান্য দেশের জনপ্রিয় নির্মাতাদের পাশাপাশি আমার ছবিটিও দেখানো হবে। পাশাপাশি দেশের দর্শকদের জন্য ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার হবে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফলে এই উৎসবের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি দর্শকরা চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবেন।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৯ ডিসেম্বর









