কুমিল্লায় পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কুমিল্লা, ১১ জুন – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই পিকআপ ভ্যানে থাকা ১০ জন স্কুলছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ জুন) বিকেল ৪টার দিকে কুমিল্লা সদরের লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। ১৬ জন কিশোর ফুটবল খেলোয়াড় বহনকারী পিকআপ ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। পিকআপে থাকা সবাই স্কুলছাত্র।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন-পিকআপ ভ্যানচালক মোরশেদ (২৪), সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার শাহীন আলম সৈকত (১৩), সাকিব ও ফয়সাল।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, আজ বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ ঢাকা-চট্টগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফুটবল খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপটিকে চাপা দেয়। এতে তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ১১ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ক্রেন দিয়ে কাভার্ডভ্যান সরিয়ে খেলোয়াড়দের উদ্ধার করা হয়। পাঁচটি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ দুর্ঘটনার ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ ঘোষ বলেন, এখন পর্যন্ত তিনজন মারা গেছে বলে জানা গেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এই হাসপাতালে আনার পর একজন মারা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর বাকিরা চিকিৎসাধীন আছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ জুন ২০২৩









