জাতীয়

বিদেশে অর্থপাচার : অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সরকারপক্ষের বৈঠক

ঢাকা, ১৪ ডিসেম্বর- কানাডার ‘বেগমপাড়া’সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- সে বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আলোকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বৈঠক করেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এর আগে বিদেশে অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছিলেন হাইকোর্ট। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। আমরা আজ তাদের সঙ্গে বসেছিলাম। তারা কী কী প্রস্তুতি নিয়েছেন এসব বিষয়ে কথা হয়েছে। আশা করি আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে পারব।’

বিদেশে অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়ে গত ২২ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।

আরও পড়ুন : বিমানবন্দরে ফের ২৫০ কেজি বোমা

এ রুল বিবেচনায় থাকা অবস্থায় বিদেশে টাকা পাচারকারীদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য (মামলাসহ, কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা) প্রতিবেদন আকারে জমা দিতে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৭ ডিসেম্বর দিন রেখেছেন হাইকোর্ট।

সূত্রঃ জাগো নিউজ
আডি/ ১৪ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language