জাতীয়

শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যকে শ্রদ্ধা বিকেলে

ঢাকা, ২৫ এপ্রিল – মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর পোস্তাগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও ঐক্য ন্যাপের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের বামপন্থী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে গত রাত ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এ সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ১২টা ২৮ মিনিটে তার মৃত্যু হয়।

পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। তিনি গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক।

অল্প বয়সে কৃতী ফুটবলার পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language