ফুটবল

আবারও ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

বের্ন, ১৬ মার্চ – টানা তৃতীয়বারের মত ফিফার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। যার ফলে আগামী ২০২৭ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন ৫২ বছর বয়সী সুইস এই আইনজীবী।

বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির দায়িত্ব পান তিনি।

ফিফা তাদের অফিসিয়াল টুইটারে এক টুইট বার্তায় ইনফান্তিনোর পূনঃনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে ফিফা লিখেছে, সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।

২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেয়ার পর তার স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান তিনি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ইনফান্তিনো।

এবারের নির্বাচন নিয়ে তেমন একটা উত্তাপ ছিল না। কারণ, সবকিছু আগে থেকেই চূড়ান্ত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তার সঙ্গে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস ব্যক্তি।

তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে ইনফান্তিনো বলেন, আমি সবাইকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে, আমি জানি এ সংখ্যা অনেক বেশি। আর যারা আমাকে ঘৃণা করে, তাদেরও। যদিও আমি জানি যে এ সংখ্যা অনেক কম।

কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। সফল আয়োজনে প্রতিটি বিষয়ে পাশে থেকেছেন মধ্যপ্রাচ্যের দেশটির।

কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইনফান্তিনো। আগামী বিশ্বকাপে ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হচ্ছে। দল সংখ্যা বেড়ে ৩২ দল নিয়ে এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language