ফুটবল

সৌদিতে মুখোমুখি হচ্ছে রোনালদো-মেসি, টিকিটের দাম ২ মিলিয়ন রিয়াল

রিয়াদ, ১১ জানুয়ারি – ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো, যাকে রেকর্ড অর্থের বিনিময়ে নিজেদের ক্লাবে নিয়ে সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। একইসাথে সময়ের অন্যতম সেরা দুই ফুটবল মহাতারকা রোনালদো-মেসিকে মুখোমুখিও দাঁড় করানোর মাধ্যমে ফুটবল বিশ্বকে আরেক দফা চমক দিতে যাচ্ছে দেশটি।

দুই জীবন্ত কিংবদন্তীকে খুব শিগগিরই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে সৌদি আরবে। রোনালতো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেইমার, এমবাপের ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। আর এই ম্যাচের টিকিটের দাম কতো উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সৌদিতে মেসি বনাম রোনালদো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এতো বেশি দামে কখনও কোনো ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে, এরই মধ্যে যার আকাশছোঁয়া দরের কথাও শোনা যাচ্ছে।

এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিলো ৯ লাখ ৮৫,০০০ রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা)। এখন তা ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ১৫ লাখ আবেদন জমা পড়েছে এই ম্যাচ দেখার জন্য।

সূত্র: বাংলাদেশ্ন জার্নাল
আইএ/ ১১ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language