ফুটবল

পেলের শেষকৃত্যে যোগ দিতে ব্রাজিলে নেইমার

ব্রাসিলিয়া, ০২ জানুয়ারি – ব্রাজিলের কিংবদন্তি পেলেকে শেষবিদায় জানালেন দেশটির বর্তমান তারকা ফুটবলার নেইমার। মঙ্গলবার সকালে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর পাশেই নেকরোপল একিউমেনিকাতে চিরনিদ্রায় শায়িত হবেন পেলে।

ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে।

পেলের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ব্রাজিলের বর্তমান অধিনায়ক নেইমারের। পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়। সান্তোস থেকেই নেইমার নাম লেখান বার্সেলোনায়, সেখান থেকে পিএসজিতে। দুজনই সান্তোসের হয়ে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।

পেলের মৃত্যুর পর নেইমার লিখেছিলেন- পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন।

নেইমার আরও লিখেন- তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।

প্রসঙ্গত, ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২৯ নভেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার হাসপাতালের বিছানায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজা।

সূত্র: যুগান্তর
আইএ/ ০২ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language