ব্যবসা

সরবরাহ স্বাভাবিক তবুও চালের বাড়তি দাম

ঢাকা, ১১ ডিসেম্বর – চালের উৎপাদন ও সরবরাহ ভালো। তবুও মোটা কিংবা সরু সব ধরনের চাল কিনতে হচ্ছে বাড়তি দামে। ৫২ টাকার নিচে মিলছে না মোটা চাল আর সরু চালের দাম ৮০ টাকার ওপরে। টিসিবি জানিয়েছে, দেশে সরু চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে ১০ ভাগ বেশি।

চালের আমদানি হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী, দেয়া হয়েছে কর ছাড় । এছাড়া বাজার স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে সরকার। বেশি দামের ব্যাপারে বড় শিল্প গোষ্ঠীকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। খাদ্য সচিব জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উৎস থেকে চাল আমদানির চেষ্টা করছে সরকার।

বাজারে চালের ঘাটতি না থাকলেও দাম চড়া থাকার বিষয়ে বিক্রেতাদের দাবি- কয়েকটি বড় প্রতিষ্ঠান ধান মজুত করছে। পরে প্যাকেট করে বেশি দামে বাজারে ছাড়ছে।

কাওরান বাজারে ক্রেতারা বলেন, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সবজি ও চালের যে দাম তা কিনতে হিমশিম খেতে হচ্ছে । চাল, তেল, ডাল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস ভোক্তাদের।

চালের বাড়তি দামের নিয়ে খাদ্য সচিব ইসমাইল হোসেন জানান, সরকারি গুদামে এখনও প্রায় ১৪ লাখ টন চাল মজুত রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে আমদানি নিয়ে আলোচনা চলছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ বাড়াতে হবে। একই সঙ্গে বাজার তদারকির তাগিদও দেন তারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language