বিজিবির করা মামলায় নারী এনজিওকর্মীকে সমন

কক্সবাজার, ২২ নভেম্বর- কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
রবিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ৩ এর বিচারক মুহাং হেলাল উদ্দিনের আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন বিচারক।
আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।
প্রতিবেদন জমা দিয়ে এসে অ্যাডভোকেট সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিওকর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি ওঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে।
গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা।
এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই এনজিওকর্মী।
ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বিজিবির নায়েব সুবেদার বাদী মোহাম্মদ আলি মোল্লা।
মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
রবিবার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/২২ নভেম্বর









