ঢালিউড

পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শাকিবের

ঢাকা, ১৩ অক্টোবর – কিছু দিন ধরে শাকিব খান-শবনম বুবলী ইস্যুতে আলোচনায় উঠে এসেছে হালের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নাম। এরই মধ্যে শাকিবকে জড়িয়ে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন পূজা। এবার এ নিয়ে মুখ খুললেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানও। মিথ্যে তথ্য ছড়ানো বিরুদ্ধে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শাকিব খানের ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :

অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ-এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে।
সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।

এম ইউ/১৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language