বগুড়া

বগুড়ায় পৌর আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া, ২৯ সেপ্টেম্বর – বগুড়ার শেরপুরে পুর্ব শত্রুতার জেরে পৌর আওয়ামী লীগ নেতা মুর্তজা কাওসার অভি (৩৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ৮টায় উপজেলা পরিষদের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। সে পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৮টায় মুর্তজা কাওসার অভি মোটর সাইকেল মেরামতের জন্য উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে সময় আগে থেকে ওৎপেতে থাকা ১০ থেকে ১২ জনের দূর্বৃত্তদের একটি দল তার উপর দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং এলোপাথারীভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত অভির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি সারোয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক সালাম হোসেন বলেন, মোর্তজা কাওসার অভি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলো। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চাই।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করা হয়েছে। নিহত অভির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language