বিচিত্রতা

গাড়ির নম্বর পেতে দেড় কোটি টাকা খরচ করলেন ব্যবসায়ী

রং, মডেল বা ফিচার এসব পছন্দ করেই তো মানুষ গাড়ি কিনে। এ ছাড়া পছন্দ মতো গাড়ির নম্বর পেতে কে না চায়। কিন্তু সেটা তো সরকারি কর্তৃপক্ষের ব্যাপার। কিন্তু এর জন্য কোটি টাকা খরচ করতেও দ্বিধা করলেন না এক ব্রিটিশ নাগরিক।

নিউজ এইটিন জানায়, সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামের এক ব্যবসায়ী পছন্দের নম্বর অনুযায়ী গাড়ির নেমপ্লেট পেতে খরচ করেছেন প্রায় এক লাখ ২৯ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি টাকার কাছাকাছি।

গাড়ির নম্বর হিসেবে ওই ব্যবসায়ীর পছন্দ হচ্ছে- O 10, যার সঙ্গে জড়িয়ে আছে তার পারিবারিক আবেগ।

মোটর ওয়ান ডটকম সূত্রে জানা যায়, সরকারি নিলাম থেকে ওই নম্বরের গাড়ির নেমপ্লেট কেনেন বার্মিংহামের থম্পসন পরিবারের এক ব্যক্তি।

নম্বরটির সঙ্গে ওই পরিবারের শতবর্ষের স্মৃতির সঙ্গে জড়িত। ১৯০২ সালে বার্মিংহামে তখন গাড়ির নম্বর বিলি করছিল সরকারি কর্তৃপক্ষ। সে সময়ে ব্যবসায়ী চার্লস থম্পসন ছিলেন ১০ নম্বর লাইনে। তাই তার ভাগ্যে এসে পড়েছিল এই O 10 নম্বরওয়ালা নেমপ্লেট।

এই নম্বরওয়ালা গাড়িতে করেই চার্লস গ্রেটার বার্মিংহাম এলাকায় পাইকারি মুদি পণ্য সরবরাহ করতেন।

১৯৫৫ সালে চার্লসের মৃত্যুতে এই নম্বরওয়ালা গাড়ির মালিক হন তার সন্তান ব্যারি। তিনি এই গাড়িতে করে নিকটবর্তী অঞ্চলে কাঠ সরবরাহ করতেন। এভাবেই ধীরে ধীরে ওই নম্বরওয়ালা গাড়ির সূত্রে তাদের ব্যবসার পসার ঘটে।

যদিও ২০১৭ সালে ব্যারির মৃত্যুর পরে সরকারি কর্তৃপক্ষ থম্পসন পরিবারকে রিটেনশন সার্টিফিকেট ধরিয়ে দেয়। পরিবারটির হাত থেকে ওই নম্বর চলে যায়।

তবে এ মাসে আয়োজিত এক নিলামে থম্পসন পরিবারেরই এক উত্তরাধিকারী নম্বরটি আবার কিনে নেন। নম্বরটি পেতে বিপুল অর্থ খরচকারী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language