শেকৃবির নতুন উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া
ঢাকা, ১৭ নভেম্বর- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুর রশীদ ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়াকে এ পদে নিয়োগ দিয়েছেন।
আদেশে আরও বলা হয়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদসংশ্লিষ্ট বেতন ভাতা ও অন্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়ের আগে তার নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে এ নিয়োগ দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘১৯৮৩ সালে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি সবসময়। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি শিক্ষার উন্নতমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।’
সূত্র: আমাদের সময়
আডি/ ১৭ নভেম্বর









