ঢালিউড

সৌমিত্রকে দেখলে গলা শুকিয়ে যেত ওমর সানীর

কলকাতা, ১৫ নভেম্বর- কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে তিনি মারা যান।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক ওমর সানী।

সত্যজিৎ রায়ের অপুর সঙ্গে কলকাতার দুটি সিনেমায় অভিনয় করেন সানী। ফেসবুকে সেই সময়ের কথাই স্মৃতিচারণ করলেন এই অভিনেতা।

আরও পড়ুন:  সত্যজিৎ-সৌমিত্র অমর জুটির কেউ রইলো না আর

ফেইসবুক ওমর সানী লেখেন, ‘সৌমিত্র দা একটা ইতিহাস, ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। কো-আর্টিস্ট হিসাবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম আমাকে বলত, কিরে কী দেখছিস? আমি বলতাম, দাদা তোমাকে দেখি, আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার আমার জীবন সার্থক।’

তিনি আরও বলেন, ‘সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন, বললেন- কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর। আমি লজ্জায় মাথানত করতাম অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলত, কিরে এত পানি খাচ্ছিস কেন, কোন প্রবলেম? আমি বলতাম, না দাদা তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিত এবং আদর করত। অনেক বছর গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না, দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা, বিগ বস।’

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language