ভাড়া বেশি নেওয়ায় চট্টগ্রামে ১৩ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম, ১৪ আগস্ট – চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় ঠেকাতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর বায়েজিদ নতুনপাড়া, মুরাদপুর, ও চকবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না ও শাহরিয়ার মোক্তার।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে ১৩ যানবাহনকে মামলা দিয়ে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
নগরীর বায়েজিদের নতুনপাড়া এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১২।
এ আদালতের পেশকার আবদুল আহাদ বিষয়টি জানান, আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না অতিরিক্ত ভাড়া নেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি যানবাহনকে মামলা দিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে মুরাদপুর ও চকবাজারে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন আদালত-১৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোক্তার। এ আদালতের পেশকার ফরহাদুল আলম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৮৫টি বাসে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ায় আটটি বাসকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ আগস্ট ২০২২









