আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল? (ভিডিও)

এবার আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল। ‘স্কাই ক্রুজ’ নামে এমন একটি বিমানের নকশা করা হয়েছে, যা মূলত বিশাল আকারের একটি ভাসমান হোটেল। বিলাসবহুল এই হোটেলের ধারণক্ষমতাও অনেক। এতে পাঁচ হাজারেরও বেশি যাত্রী বহন করা যাবে। পরমাণু শক্তিচালিত দৈত্যাকার এই
বিমানটি একবার আকাশে উড়ার পর কয়েক মাস ধরে ভেসে থাকতে পারবে।
ভাসমান এই হোটেলে একসঙ্গে পাঁচ হাজার অতিথি থাকতে পারবে। নতুন যাত্রীদের আনা-নেওয়ার জন্য ভাসমান হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে। সেখানে উঠানামা করতে পারবে ছোট ছোট বিমান। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। এটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এটি মাসের পর মাস আকাশে ভেসে থাকতে পারে।
যাত্রী উঠানামা এবং যান্ত্রিক ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা সবই হবে মাঝ আকাশেই। বিমানটির মূল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন নামের এক ব্যক্তি। সেই নকশার ওপর ভিত্তি করে হাশেম আল-ঘাইলি নামের আরেক ব্যক্তি ভবিষ্যৎ বিমানের একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওটি তিনি ইউটিউবে শেয়ারও করেছেন।
এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিমানের চালকের দরকার হবে না। বিশালাকারের এই বিমানটির অন্যান্য কাজের জন্য দরকার হবে বহু সংখ্যক কর্মী। এতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও। ইতোমধ্যেই ভাসমান এই বিলাসবহুল দৈত্যাকার বিমানটির ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
https://youtu.be/VHNrdTSr2G4
এম ইউ









