বিএম ডিপোর ধ্বংসস্তূপে পাওয়া গেল মাথার খুলি, হাড়

চট্টগ্রাম, ০৬ জুলাই – চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও একজনের মাথার খুলি ও বুকের হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম ডিপোর টিনশেডের সংস্কার কাজ করছেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে কাজ করতে গিয়ে মাথার খুলি ও বুকের হাড় দেখতে পান তারা। এরপর আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে সেগুলো উদ্ধার করি। এগুলোর সুরতহাল করা হচ্ছে। এরপর সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, আমরা এটিকে আলাদাভাবে একজনের মৃত্যু হিসেবে ধরছি। তবে ডিএনএ টেস্ট করার পর পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৬ জুলাই ২০২২







