শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে শুক্রবার থেকে মাস্ক ছাড়া ঢোকা যাবে না

ঢাকা, ১৩ নভেম্বর- শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। কোভিড নিয়ন্ত্রণে সরকারি যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে থাকতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবি প্রক্টর এ প্রতিবেদককে বলেন, মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে। যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্যাম্পাসে সন্ধ্যার পর অকারণে বহিরাগতরাও থাকতে পারবে না। তারা ক্যাম্পাসে করোনা ছড়াতে পারে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ থেকে কোভিড-১৯ এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।

সূত্র : বিডি-প্রতিদিন

আর/০৮:১৪/১৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language