করোনা আক্রান্ত হাবিবুল বাসার সুমন

ঢাকা, ১১ নভেম্বর- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাসার সুমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত দুই দিন থেকে তিনি জ্বর ও ঠান্ডা সমস্যায় ভুগছেন। মঙ্গলবার তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে।
হাবিবুল বাসার সুমন নিজেই এই তথ্য জানিয়ে বলেন, জ্বর ছাড়া তেমন কোন উপসর্গ নেই। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাবিবুল বাশার সুমন জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে ৫ হাজার ১৯৪ রান সংগ্রহ করেন। অবসরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িয়ে যান তিনি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের নির্বাচক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত আছেন সুমন।
হাবিবুল বাশার সুমনের আগে করোনা আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুলের সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত।
করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ। কয়েক মাস আগে বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছিলেন।
সূত্র : পূর্বপশ্চিমবিডি
আর/০৮:১৪/১১ নভেম্বর









