বলিউড

আবার কাছাকাছি অক্ষয়-কৃতি

মুম্বাই, ০৮ নভেম্বর- আবার বড় পর্দায় অক্ষয় কুমার আর কৃতি শ্যানন প্রেম করতে পুরোপুরি প্রস্তুত। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘হাউসফুল ফোর’ সিনেমায়।

ফারহাদ সামঝি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমায় তাদের নতুন প্রেমকাহিনী দেখা যাবে। অক্ষয় কুমারকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। আর কৃতি অভিনয় করবেন সাংবাদিক চরিত্রে।

ছবিতে দেখা যাবে অক্ষয় অভিনেতা হওয়ার স্বপ্নে বিভোর। আর কৃতি চিত্রপরিচালক হতে চান। সিনেমার প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি আনবে। সব মিলিয়ে নতুন স্বাদ আনতে চলেছে ফারহাদের ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি।
গত বছর জুলাইয়ে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ধুমধাম করে ‘বচ্চন পান্ডে’ সিনেমার ঘোষণা করেছিলেন। অক্ষয় এই সিনেমায় তার ফার্স্ট লুকও প্রকাশ্যে এনেছিলেন।

কিছুদিন পর জানা যায়, এ সিনেমায় অক্ষয়ের বিপরীতে নাম লিখিয়েছেন গ্ল্যামারগার্ল কৃতি শ্যানন। কিন্তু করোনার কারণে ছবির শ্যুটিং শুরু করতে পারেননি নির্মাতারা। এবার এই ছবির দল পুরোদমে শ্যুটিং শুরু করতে চলেছে।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। পরিচালক ফারহাদ সামঝি পুরো দল নিয়ে জানুয়ারি মাসে রাজস্থানের জয়সলমীরের উদ্দেশে পাড়ি জমাবেন। সেখানে টানা ৬০ দিন শ্যুটিং হবে।

এরই মধ্যে শ্যুটিং-সংক্রান্ত সব আইনি অনুমতি নেওয়া হয়েছে। ফারহাদের এই সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সিনেমার সদস্যরা শ্যুটিংস্থলে যোগ দেবেন। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে এক কর্মশালার আয়োজন করা হবে। ডিসেম্বরের শেষের দিকে সব অভিনেতা ও কলাকুশলীর কভিড পরীক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে।

শ্যুটিং শুরু হওয়ার আগে সব সদস্যকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। জয়সলমীরে বিশেষ মেডিকেল দল রাখবেন নির্মাতারা। পুরো সেট ভালোভাবে স্যানিটাইজ করে নেওয়া হবে।

আডি/ ০৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language