টলিউড

আবার একসঙ্গে বড়পর্দায় ভিক্টর-ঋতুপর্ণা

কলকাতা, ২৪ এপ্রিল – ফের একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বেশ কয়েক বছর পর আবার একসঙ্গে তাদের দেখা যাবে ‘আকরিক’ ছবিতে। সিনেমাটি পরিচালনা করেছেন তথাগত ভট্টাচার্য।

দীর্ঘদিন পর ‘আকরিক’ ছবির মাধ্যমে আবারও বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন ভিক্টর ব্যানার্জি। যৌথ পরিবারে বেড়ে ওঠা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে এক শিশুর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনি। শিশুটির মা একজন সিঙ্গল মাদার। ওই বৃদ্ধের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে শিশুটি এমন এক পরিবারের সান্নিধ্য পায় যেখানে সে খুঁজে পায় ঠাকুরদা- ঠাকুরমার স্নেহ-ভালোবাসা। এই ভাবেই এগোয় ছবির গল্প।

ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুপ্রতিম রায়, শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিকসহ অন্যান্যরা। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘আকরিক’ ছবি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়, তথাগত ভট্টাচার্য সহ অন্যান্যরা। যদিও এদিন অনুষ্ঠানে ভিক্টর ব্যানার্জি উপস্থিত না থাকলেও দিয়েছিলেন ভিডিও বার্তা। বিগ বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলবে বলে আশা করছেন এই টিমের সদস্যরা।

এম এস, ২৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language