নেপালকে হারিয়ে শিরোপার রেসে থাকল বাংলাদেশের মেয়েরা

জামশেদপুর, ২৪ মার্চ – নেপালকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ।
ভারতের জামশেদপুরে টাটা একাডেমি মাঠে বুধবার নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পরে ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় দারুণ এক জয়।
চতুর্থ মিনিটেই আমিশা কারকির গোলে এগিয়ে যায় নেপাল। ৬৮ মিনিটে শামসুন্নাহারের গোলে ম্যাচে ফিরে সমতা।
৮৩তম মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে লিড নেয় বাংলাদেশ। ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন দলের প্রতিযোগিতায় শিরোপার রেসে আছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। টানা চার হারে তলানিতে থেকে আসর শেষ করল নেপাল।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে ভারত। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
শনিবার ফিরতি লেগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই নিশ্চিত হবে কোন দল পাবে শিরোপা।
তবে শিরোপার জন্য ড্র করলেই চলবে ভারতের। আর বাংলাদেশের শুধু জয় পেলেই হবে না, নজর রাখতে হবে গোল গড়ের দিকেও।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৪ মার্চ









