স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর প্রেমিক নিহত

কলকাতা, ২৩ মার্চ – পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুরে ছুরিকাঘাতে গোবিন্দ প্রামানিক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দু’মাস আগে ভিঙ্গল গ্রামের কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে যান গোবিন্দ। এই ঘটনায় ক্ষুব্ধ ছিলেন কৃষ্ণপদ। এর জেরে গোবিন্দকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার পুলিশ সদস্যরা।
হরিশ্চন্দ্রপুর থানার তদন্ত কর্মকর্তা অতুল প্রসাদ মিশ্র জানান, কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকার বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা স্বামীকে ছেড়ে একই গ্রামের যুবক গোবিন্দের সঙ্গে পালিয়ে যায়। এর জেরে মঙ্গলবার রাতে একা পেয়ে গোবিন্দকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার তদন্ত চলছে। কৃষ্ণপদকে আটক করেছে পুলিশ।
সূত্র: সমকাল
এম ইউ/২৩ মার্চ ২০২২









