ব্যবসা

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক

ঢাকা, ১৮ মার্চ – ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে ১২ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রজেক্ট’ নামে একটি প্রকল্প বাস্তবায়নে এই অর্থ দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ থেকে নেয়া এই ঋণ ৫ বছরের রেয়াতসহ ৩৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর দানদান চেইন খাদ্য উৎপাদনে বাংলাদেশের অর্জনের কথা উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নত বন্যা ব্যবস্থাপনা, সেচ এবং নালা ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্যশস্য এবং মৎস্য সম্পদের সুরক্ষা দিয়ে বাংলাদেশকে টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়তা করবে।

এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় ১৯টি বন্যা ব্যবস্থাপনা, সেচ ও নিষ্কাশন পরিকল্পনাকে আবারও সচল করা হবে বলে বিবৃতিতে জানায় বিশ্বব্যাংক।

ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি, ফসলের বৈচিত্র্য এবং ফসল তোলার পর সে সবের ব্যবস্থাপনা নিয়ে এক লাখ কৃষককে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া ধান, মাছ ও চিংড়ি চাষ এবং সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে এবং স্থানীয় বাজারের উন্নয়নের চেষ্টা করা হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language