নাটক

অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ঢাকা, ৪ নভেম্বর- প্রায় ২০ ঘণ্টা আইসিইউ-তে রাখার পর বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হলো অভিনেতা অপূর্বকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও মিজানুর রহমান আরিয়ান। দুজনই সার্বক্ষণিক খোঁজ রাখছেন এই অভিনেতার।

চয়নিকা চৌধুরী বলেন, ‘আগের চেয়ে অপূর্বর অবস্থা এখন বেটার। বিশেষ করে গতকালের চেয়ে অনেক অনেক ভালো আছে। সবাই একটু দোয়া করবেন।’
এদিকে মিজানুর রহমান আরিয়ান জানান, আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে পাঠালেও এখনো শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।

তার ভাষায়, ‘অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে উনার শরীরের ভেতর দিয়ে। তবে আশার কথা গতরাতের পরিস্থিতিটা নেই এখন। হতে পারে এটা প্রপার চিকিৎসাব্যবস্থার জন্য। আমরা এখন অপেক্ষা করছি আবারও সবগুলো টেস্ট করিয়ে সেটার ভালো ফলাফলের জন্য। সেটার জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে।’

গতকাল (৩ নভেম্বর) রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় আইসিইউতে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা। জ্বরে ভুগছিলেন গত পাঁচদিন ধরে।
জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’-এর শুটিংয়ে।

আর/০৮:১৪/৪ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language