বিচিত্রতা

২২০ কেজির কৈ কোরাল মাছ!

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে আনা হয়েছে একটি ২২০ কেজির কৈ কোরাল মাছ! এতবড় সাইজের মাছটি দেখতে ভিড় করেছেন অনেক ক্রেতা। অনেকে মাছটির সঙ্গে নিজের ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় মাছটি চট্টগ্রামের এই খুচরা বাজারে রোববার আনা হয়। বিশাল এ মাছের ক্রেতা না থাকায় কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বিক্রেতা।

মাছটি বাজারে আনেন কাজীর দেউড়ি বাজারের মাছ বিক্রয়কারী প্রতিষ্ঠান সৈয়দ শাহ। প্রতিষ্ঠানটির বিক্রেতা মো. রনি জানান, কাজীর দেউড়ি বাজারে এমন অনেক বড় ক্রেতা আসেন যারা বড় সাইজের সাগরের মাছ কিনতে পছন্দ করেন। এ কারণেই ২২০ কেজির কৈ কোরাল মাছটি কক্সবাজার থেকে এনেছি। কক্সবাজারের কয়েকজন জেলে বড় মাছটি পাওয়ার পর আমাদের ফোন করেন। পরে আমরা সেটি এখানে নিয়ে আসি। মাছটি আনার পর অনেকে দেখতে ভিড় করেন। তবে কিনেননি কেউই।

তিনি বলেন, মূলত এটির সাইজ অনেক বড় হওয়ায় কিনতে ক্রেতারা আগ্রহী হচ্ছেন না। তারপরও আমরা আশাবাদী সামুদ্রিক বড় মাছের আলাদা স্বাদ থাকায় বড় কোনো ক্রেতা এটি কিনবেন। কারণ চট্টগ্রামে রেওয়াজ আছে বড় মাছ কিনে অনেকে ঘনিষ্ট স্বজনদের বাসা-বাড়িতে উপহার হিসেবে পাঠান। তবে কেউ না কিনলে সোমবার সকালে মাছটি কেটে টুকরো করে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, এক ক্রেতা এরই মধ্যে প্রতিকেজি ১২০০ টাকায় ৮০ কেজি কেনার আগ্রহও প্রকাশ করেছেন। এমন অনেক ক্রেতা নানা মাধ্যমে যোগাযোগ করছেন আমাদের সঙ্গে।

এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language