সাকিবকে নিয়ে সতর্ক কুমিল্লা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – আজ বিকালের ফাইনাল ম্যাচ দিয়ে ইতি ঘটবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। এর আগে বৃহস্পতিবার দুই দলের অধিনায়ক দের ট্রফিসহ ফটোশেসনের কথা থাকলেও এ সময় উপস্থিত ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে ছবি তুলতে এসেছিলেন নুরুল হাসান সোহান। এ বিষয়ে বরিশাল টিম ম্যানেজমেন্ট জানিয়েছিলেন সাকিব অসুস্থ তাকে বিশ্রাম দিতেই সোহান ছবি তুলতে এসেছে।
অন্যদিকে ফাইনালকে সামনে রেখে প্রেস কনফারেন্স করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।
বৃহস্পতিবার কুমিল্লার কোচ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা কাছে মনে হয় যে বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। আমার মনে হয় যে খুবই ভালো অধিনায়কত্ব করছে এবং তার যতটুকু রসদ আছে সেটা খুব ভালভাবে ব্যবহার করছে। কারণ ও অনেক সময় যে কৌশলগুলো করে সেটা আসলে অনেক সময় ব্যাটসম্যানরা বুঝতে পারে না, সেটা যদি আমরা উতরাতে পারি তাহলে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা ভালো করবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে বিপিএলের ২টি ট্রফি তুলেছেন তাদের ঘরে। এর আগে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলস কে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে শিরোপা জিতেছিলো কুমিল্লা। এবং ২০১৯ এ বিপিএলে সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটস কে হারিয়ে ঘরে তোলে তাদের দ্বিতীয় শিরোপা। এবার তাদের সামনে হাতছানি তৃতীয় শিরোপা অর্জনের তবে সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আসে সাকিব আল হাসান।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি









