ঢাকা

ডিএসসিসির অভিযানে অর্ধ লক্ষ টাকা জরিমানা এবং ১২টি মামলা দায়ের

ঢাকা, ০৮ অক্টোবর- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন ৪টি ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় এবং তাদের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান সকাল থেকে সরকারি কর্মচারী হাসপাতালের মোড় হতে আনন্দবাজার হয়ে ঢাকা মেডিক্যাল, বঙ্গ বাজার ফ্লাইওভারের নিচের মোড় থেকে বঙ্গ বাজার সরকারি কর্মচারী হাসপাতালের মোড় পর্যন্ত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন।

আরও পড়ুন: সাভারে ব্যাটারি কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বাটা সিগনাল থেকে গাউছিয়া মার্কেট অংশে ফুটপাত দখল করে দোকান বর্ধিত করায় একটি হোটেল, একটি ডিপার্টমেন্টাল স্টোর ও একটি পর্দার দোকানের বিরুদ্ধে ৩টি মামলা এবং বাড়তি অংশ উচ্ছেদ করেন।

এছাড়াও করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের কাটাবন, বাটা সিগনাল ও হাতিরপুল এলাকার অবৈধ ক্যাবল অপসারণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ নজরুল ইসলাম সরণি, সিদ্দিক বাজার এলাকায় ১৯টি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

এদিন সিটি করপোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত ১২টি মামলা দেয় এবং প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language