সংগীত

অরুণিতা বাদ, পবনদীপের নয়া সঙ্গী চিত্রা (ভিডিও)

মুম্বাই, ১৭ ডিসেম্বর – ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের পুরো সিজন জুড়ে দারুণ আলোচনায় ছিলেন পবনদীপ ও অরুণিতা। ব‌্যক্তিগত জীবনে তারা প্রেম করছেন- এমন গুঞ্জনের কারণেও বারবার আলোচনায় উঠে এসেছেন এই জুটি।

তাদের দুজনের গানেই মুগ্ধ শ্রোতারা। আর তাই আরও একটি নতুন গান উপহার দিলেন তারা। গানের শিরোনাম ‘ফুরসত’। গেল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এর মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে।

এর আগে ‘মনজুর দিল’ গানে পবনদীপ ও অরুণিতা জুটির অনস্ক্রিন রসায়ন দেখেছিল দর্শক। সেখানে এবারের চিত্র পুরোটা ভিন্ন। ‘ফুরসত’-এ অরুণিতা কাঞ্জিলালের জায়গায় পবনদীপ রাজনের পাশে দেখা গেল দক্ষিণী মুখ চিত্রা শুক্লাকে। নতুন জুটিকেও ভালোই মানিয়েছে বলেই মন্তব্য অনেকের।

তবে ‘ফুরসত’-এর ভিডিওতে না দেখা গেলেও এই গানে পবনদীপের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরুণিতা। বাদ পড়েননি, তিনি নিজে থেকেই মিউজিক ভিডিও থেকে সরে দাঁড়িয়েছিলেন। কারণ এতে তার পরিবারের আপত্তি ছিলো।

জানা গেছে, পবনদীপের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করায় অরুণিতার বাবা-মায়ের আপত্তি রয়েছে। তারা চাইছেন না অরুণিতা অনস্ক্রিন পবনদীপের সঙ্গে কোনো রোমান্টিক সিন করুক। অকারণে মেয়ের সঙ্গে পবদীপের সম্পর্ক নিয়ে যে চর্চা শুরু হয়েছে সেটি আর দেখতে চান না তারা।

সম্প্রতি এই গানের প্রমোশনাল অনুষ্ঠানেও দেখা যায়নি অরুণিতাকে। যেখানে হাজির ছিলেন পবনদীপ ও চিত্রা। সাংবাদিকদের কাছ থেকে যাতে এই সংক্রান্ত কোনও প্রশ্নের মুখোমুখি হতে না হয় সে কারণেই অনুষ্ঠানে আসেননি অরুণিতা। এছাড়া পবনদীপের সঙ্গে চিত্রার রসায়ন যাতে প্রচারের আলোচনায় থাকে সে কারণেই নাকি ইচ্ছাকৃতভাবেই সেখানে হাজির হননি অরুণিতা।

এন এইচ, ১৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language