শারমীনের দুর্দান্ত সেঞ্চুরি

হারারে, ২৪ নভেম্বর – মেয়েদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার সুপ্তা। মঙ্গলবার (২৩ নভেম্বর) ১১৭তম বলে চার হাঁকিয়ে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ৩২২ রান করেছে।
এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলা শারমীনের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল ৭৪। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই রান করেছিলেন ২০১৭ সালে। আর আজ নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত ছিলেন শারমীন।
গ্রুপ বি’র বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রে বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে শারমীনের সেঞ্চুরিতে চালকের আসনে আছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শতকটি হাঁকান এই বাঁহাতি ব্যাটসম্যান।
এ ছাড়া ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে টি-টোয়েন্টিতে একই ম্যাচে সেঞ্চুরি হাঁকান ফারজানা হক ও নিগার সুলতানা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ নভেম্বর









