বলিউড

কড়া নিরাপত্তায় মুক্তি পাচ্ছেন শাহরুখপুত্র

মুম্বাই, ৩০ অক্টোবর – মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে মুক্তি পেতে যাচ্ছেন আরিয়ান খান। জেলের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে জেল থেকে ছাড়া পাচ্ছেন শাহরুখ খানের সন্তান আরিয়ান খান।

গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেপ্তারের পর নিম্ন আদালতে আরিয়ান জামিন পাননি। অবশেষে বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিনের আর্জি মঞ্জুর হয়। সেদিন অবশ্য রায়ের বিস্তারিত কপি দেওয়া হয়নি। শুক্রবার দুপুর গড়িয়ে যাওয়ার পর সেই নথি পান আরিয়ানের আইনজীবীরা। তবুও আইনি প্রক্রিয়া শেষ করতে করতে নির্দিষ্ট সময় পার হয়ে যায়। বিকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে আর্থার রোড জেলে পৌঁছায়নি আরিয়ানের জামিনের নথি।

যতক্ষণে আরিয়ানের জামিনের কাগজ পৌঁছায়, ততক্ষণে বন্ধ হয়ে যায় জামানত বক্স।পিটিআই আরও জানিয়েছে, শনিবার সূর্যোদয়ের আগেই আরিয়ানের সেলে ‘আলো’ পৌঁছে যায়। ভোর ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ সেই জামানত বাক্স খোলা হয়। তাতে আরিয়ানসহ ছয় থেকে সাতজনের জামিনের নথি ছিল। কিছুক্ষণের মধ্যেই আরিয়ানকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছেন পিটিআইকে।

এন এইচ, ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language