বলিউড

জামিন মেলেনি, কারাগারেই থাকতে হচ্ছে শাহরুখপুত্রকে

মুম্বাই, ১১ অক্টোবর – জামিন মেলেনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। মাদক মামলায় আজ সোমবার মুম্বাই সেশন কোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে। শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জানান, আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে। বুধবার তার পরবর্তী শুনানি।

এর আগে গত বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেলা হেফাজতের আদেশ দেন ম্যাজিস্ট্রেট কোর্ট। সেদিনই ওই আদালতে অন্তবর্তী জামিনের আবেদন করা হয়। পরদিন সেই আবেদন খারিজ করেছিলেন আদালত। এরপর সোমবার সেশন কোর্টে জামিনের আবেদন জানানো হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে এক বিলাসবহুল প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালিয়েছিল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এই পার্টি থেকে আরিয়ানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, অভিনেতা আরবাজ মার্চেন্ট, মডেল মুনমুন ধামেচাসহ মাদককাণ্ডে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

এন এইচ, ১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language