ছাত্রলীগের কর্মসূচি: নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি

নড়াইল, ২৭ অক্টোবর- নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় এ আদেশ জারি হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কালিয়া পৌরসভা এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল থেকে সভা-সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
গত ২২ অক্টোবর এফএম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা এবং এমএম তানভিরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর শাখা ছাত্রলীগে এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
আরও পড়ুন: তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
২৩ অক্টোবর ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তা বাতিলের বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
এরপর পদ বঞ্চিতরা ইয়ামিন বিশ্বাসকে সভাপতি ও মহিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা শাখা এবং নিয়ামত হোসেনকে সভাপতি এবং রাইসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
উভয় গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে কালিয়া পৌর এলাকায় কমিটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে আনন্দ মিছিল ও র্যালির ঘোষণা দেওয়া হয়।
একই সময়ে কালিয়া পৌরসভার কলেজ রোড এবং পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৭ অক্টোবর









