ফুটবল

৭৫ বছর বয়সেও খেলছেন পেশাদার ফুটবল!

বয়স মাত্রই সংখ্যা। সেটা প্রমাণ করেই বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হবার রেকর্ড গড়লেন মিশরের এজ্জেলদিন বাহাদের। তাই বলে ৭৫ বছর বয়সেও খেলবেন ফুটবল? হ্যাঁ, এই বয়সেও ফুটবল খেলে গিনেস বুকের তালিকায় নাম তুলেছেন এই মিশরীয়।

বয়স ৭৫! এই বয়সে যখন জীবনের সব ক্লান্তি মানুষকে ভর করে ফেলে, সেখানে মিশরের এজ্জেলদিন বাহাদেরের গল্পটা একটু ভিন্ন। এই বয়সেও ফুটবল মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন তিনি।

মিশরের তৃতীয় বিভাগের স্থানীয় ক্লাব ‘অক্টোবর-৬’ এ অপেশাদার ফুটবলার হয়ে মাঠে নেমেছিলেন বাহাদের। আর অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। দ্বিতীয় ম্যাচ খেলতে নামার পরই সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে গিনেজ বুকে নাম তুলেন বাহাদের।

এজ্জেলদিন বাহাদের বলেন, ৭৫ বছর বয়সে এই রেকর্ড গড়লাম। আমার খুব ভালো লাগছে। আমি চাই আমার রেকর্ডটা ধরে রাখতে।

রেকর্ড গড়ার ম্যাচের দিন তার দল ৩-২ গোলে হেরেছিলো। তবে, সেদিন তাকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তার ছয় নাতি-নাতনি। তবে এই কীর্তি গড়ার পরও পুরোপুরি তৃপ্ত নন বাহাদের। এখন নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন তিনি।

বাহাদের বলেন, আমি চাই আরেকবার আমার রেকর্ড ভাঙতে। এটাই আমার একমাত্র স্বপ্ন। অন্যদের জন্য এই রেকর্ড যেন একেবারে কঠিন হয়ে যায়।

আরও পড়ুন: কলকাতা মোহামেডানে খেলবেন জামাল ভূঁইয়া?

স্বপ্নের বয়স বাড়ে না- এটা প্রমাণ করেই এগিয়ে যেতে চান মিশরের এই নাগরিক। ৭৫ বছর বয়সেও তার যে অদম্য ইচ্ছা আর উদ্দীপনা অনেকের কাছেই অনুপ্রেরণা।

এজ্জেলদিন বাহাদের বলেন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা উচিত। আমি মনে করি, শুধু তরুন বয়সেই নয়, ইচ্ছা থাকলে যে কোন বয়সেই স্বপ্নপূরণ করা সম্ভব।

এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলারের রেকর্ড ছিল ইসরাইলের ইসাক হায়িকের। গত বছর ইসরাইলি ক্লাব মাক্কাবি আইরনের হয়ে খেলেছিলেন ৭৩ বছর বয়সী ইসাক।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language