নাটক

স্ত্রীকে ইঙ্গিতপূর্ণ মন্তব‌্য, জাতীয় দলের ক্রিকেটারকে দুষছেন নিলয়

ঢাকা, ২০ আগস্ট – গত ১৬ আগস্ট নববধূ তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান অভিনেতা নিলয় আলমগীর। সেখানে নিলয়ের স্ত্রীকে উদ্দেশ‌্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব‌্য করেন কয়েকজন যুবক। এ নিয়ে জাতীয় দলের একজন ক্রিকেটারের দায়িত্ব-জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নিলয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে নিলয় তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট‌্যাটাসে লিখেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, ‘সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড’ এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজেবাজে কমেন্টস-এর শিকার হয়েছিলেন।’

নিলয় তার স্ট‌্যাটাসে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। তবে জানা যায়, নিলয় কক্সবাজারে যে রিসোর্টে উঠেছিলেন, একই রিসোর্টে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। এ বিষয়ে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে বিস্ময় প্রকাশ করেন তিনি। অপ্রীতিকর ঘটনায় নিজের নাম আসায় অবাক তাসকিন।

এই ক্রিকেটার বলেন—‘আমি তো ঢাকায় জিম করছি। দুই দিন হলো ঢাকায় ফিরেছি। শিগগির অনুশীলনে ফিরবো। শুনে অবাক হলাম এরকম একটা ঘটনায় আমার নাম আসলো! অথচ এর কিছুই আমি জানি না। আমি কক্সবাজার গিয়েছিলাম পরিবার-পরিজন নিয়ে। আমাদের বিশাল গ্রুপে ১৪-১৫ জন ছিলেন। কেউ যদি এরকম করে থাকতো, তাহলে আমার কানে আসতো। আর বিষয়টি তাৎক্ষণিক অভিযোগ করলে তো সেখানেই সমাধান হতো। তিনদিন পর কেন এরকম কথা উঠছে?’

তাসকিনের এই প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় নিলয়ের মুঠোফোনে। একাধিকবার ফোন করলেও তা রিসিভ করেননি এই অভিনেতা।

এম এউ, ২০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language