বরিশাল

২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যালে ৮ জনের মৃত্যু

বরিশাল, ১৪ আগস্ট – বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই আট জনের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। তাদের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। একই সময়ে ২৪ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন, যাদের মধ্যে আট জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত শুক্রবার রাতের সবশেষ রিপোর্টে ২০১ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৮৪ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ছয় হাজার ৭৯৪ রোগী। তাদের মধ্যে দুই হাজার ১০৬ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৩৩০ জন, তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৬৯৬ জন। মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের, যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৬০ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৪ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language