অন্যান্য

স্যুটে ফুটো নিয়েও ফেলপসের রেকর্ড ভাঙলেন মিলাক

টোকিও, ২৯ জুলাই – একটু পর নামবেন পুলে। সব প্রস্তুতিও সেরে রাখেন। সাঁতার শুরু হওয়ার মিনিট দশেক আগে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্রিস্টফ মিলাকের সাঁতারের কস্টিউম গেছে ছিঁড়ে। প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে নামার আগেই বড় ধাক্কা হাঙ্গেরির এ সাঁতারুর। মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করছিল, ২০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্বরেকর্ড বুঝি হাতছাড়া হয়ে যাবে। শঙ্কার দোলাচলে দুলতে থাকা ২১ বছর বয়সী মিলাক টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে তুললেন ঝড়। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড ভেঙে এই ইভেন্টে সোনালি হাসি হাসলেন মিলাক। গতকাল সব অনিশ্চিয়তা দূর করে ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন এই ইভেন্টে আগেই বিশ্বরেকর্ড গড়া মিলাক। তার চেয়ে ২ দশমিক ৪৮ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন স্বাগতিক জাপানের সাঁতারু তোমোরু হোন্দা। আর ব্রোঞ্জ পেয়েছেন ইতালির ফেদেরিকো।

কয়েক বছর আগেও মিলাককে চিনতেন না সাঁতারের কেউই। কিন্তু ২০১৭ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে হঠাৎ আলোচনায় আসেন তিনি। যুক্তরাষ্ট্রের তারকা কায়েলেব ড্রেসেলের সঙ্গে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সমানতালে লড়াই করেও জিতেছিলেন রুপা। মূলত ওই পদকটি জেতার পরই ২১ বছর বয়সী এ হাঙ্গেরিয়ানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এরপর বিশ্ব সাঁতার জুনিয়র চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণ জিতেছিলেন। সাঁতারে হাঙ্গেরির নতুন তারকাও বনে যান মিলাক। ঘরের মাঠে যে আসরে রুপা জিতেছিলেন, দুই বছর পর ২০১৯ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেই আসরে ২০০ মিটার বাটারফ্লাইয়ে শুধু স্বর্ণই জেতেননি, গড়েন বিশ্বরেকর্ডও। ১ মিনিট ৫০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করেছিলেন।

বুধবার টোকিওতে সেই রেকর্ড ভাঙতে না পারলেও ১৩ বছর আগে বেইজিং অলিম্পিকে করা ফেলপসের রেকর্ড ঠিকই ভেঙেছেন। সেটাও আবার ছেঁড়া কস্টিউম পরে। ২০০৮ সালে ১ মিনিট ৫২ দশমিক ০৩ সেকেন্ড নিয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন আমেরিকান কিংবদন্তি ফেলপস। এদিন তার রেকর্ড ভাঙার সঙ্গে অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের আনন্দ মিলাকের।

কস্টিউম ছিঁড়ে যাওয়ার ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও যে সেরা হয়েছেন, তাতেই তৃপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জেতা এ সাতারু, ‘পুলে ঢোকার ১০ মিনিট আগে আমার সেগুলো (কস্টিউম) ছিঁড়ে যায়। তখন আমার কাছে মনে হয়েছে যে বিশ্বরেকর্ড বুঝি হাতছাড়া হয়ে যাবে। মনোযোগ হারিয়ে ফেলেছিলাম এবং মনে হচ্ছিল এটা করতে পারব না। তবে স্বর্ণপদক জিততে পেরে আমি এখন অনেক খুশি।’

সূত্র : সমকাল
এন এইচ, ২৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language