পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সমাবেশে ৫০ লাখ কর্মীর অংশগ্রহণ চায় তৃণমূল

কলকাতা, ১৯ জুলাই – তৃতীয়বারের জন্য নবান্ন দখলের পর প্রথমবার ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশ হচ্ছে। অথচ করোনাভাইরাসের সংক্রমণের কারণে বৃহৎ জনসমাগম নয়, ভার্চুয়াল সমাবেশের উপরেই নির্ভর করতে হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। তবে সেই ভার্চুয়াল সমাবেশে রেকর্ডসংখ্যক কর্মীর অংশগ্রহণ চাইছে তৃণমূল।

আগামী বুধবার ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচিতে অন্তত ৫০ লাখ কর্মী-সমর্থকদের অংশগ্রহণ চাইছে কালীঘাট। রবিবারই দলের শীর্ষ নেতৃত্বের সেই মর্মে নির্দেশ চলে গেছে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। নির্দেশে বলা হয়েছে, ২১ জুলাই দু’দফায় বুথ স্তরের কর্মীরা শহীদ দিবসের কর্মসূচি পালন করবেন। যেমন নির্দেশ দেওয়া হয়ছে, সেই ভাবেই শহীদ দিবস পালন করতে হবে।

প্রথম পর্যায়ে প্রতিটি বুথে সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন করে কর্মী সমবেত হবেন। প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও পরে শহীদ বেদীতে মাল্যদান করে ১৯৯৩ সালে প্রয়াত শহিদদের শ্রদ্ধা জানাতে হবে। দ্বিতীয় পর্যায়ের দুপুর দুটোয় ফের বুথে কর্মীদের হতে বলা হয়েছে। সেখানেই টিভি কিংবা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে হবে সব নেতা ও কর্মীকে। গত বছরের মতোই কালীঘাটের দফতর থেকেই মমতা বক্তৃতা দেবেন।
মাল্যদান এবং পরে নেত্রীর বক্তৃতা শোনার ও শোনানোর দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার বিধায়কদের। প্রত্যেকটি বুথে যাতে দলীয় কর্মসূচি পালন করা হয়, সে ব্যাপারে কড়া নজর রাখতে হবে তাদের। দায়িত্ব পেয়ে অনেক বিধায়ক বুথ কমিটির সভাপতিদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন। কিছু ক্ষেত্রে আবার বুথ স্তরে আয়োজিত ওই দলীয় কর্মসূচির ছবি এবং ভিডিও তাদের দফতরে পাঠাতে বলেছেন বিধায়করা। যেখানে তৃণমূল বিধায়ক নেই, সেখানে ওই দায়িত্ব পালন করতে বলা হয়েছে জেলা সভাপতি তথা ব্লক সভাপতিদের। কালীঘাট থেকে পাঠানো নির্দেশে আরও বলা হয়েছে, করোনা বিধি মেনে প্রত্যেক বুথে যাতে কমপক্ষে ৫০ জন কর্মী উপস্থিত হয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেন, সেই দায়িত্ব নিতে হবে প্রত্যেক বুথ সভাপতিকে।

১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে ১৩ জনকে গুলি করেছিল পুলিশ। সেই ঘটনা স্মরণে প্রতি বছর পালন করা হয় শহীদ দিবস।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১৯ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language