সংসদে বিএনপি সংসদ সদস্যের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন বিরোধীদলীয় নেতা

ঢাকা, ২২ এপ্রিল – জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদদু ভুঁইয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন যে, একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যেভাবে হুমকির ভাষায় কথা বললেন, তাতে তারা অত্যন্ত আঘাত পেয়েছেন।
বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, জনগন বসে থাকবে না বলতে ওই সংসদ সদস্য আসলে কী বোঝাতে চেয়েছেন। তিনি কি জনগনকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন কি না, সেই প্রশ্নও উত্থাপন করেন তিনি। শফিকুর রহমান ওই বক্তব্যকে অসংসদীয় হিসেবে অভিহিত করে তা এক্সপাঞ্জ করার দাবি জানান।
বিরোধীদলীয় নেতার আপত্তির প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বক্তব্যটি পরীক্ষা করে দেখা হবে এবং যদি সেখানে কোনো অসংসদীয় ভাষা থাকে তবে তা এক্সপাঞ্জ করা হবে।
স্পিকার আরও উল্লেখ করেন যে, রাজনীতিতে একে অপরকে রাজনৈতিক ভাষায় আক্রমণ করা দীর্ঘদিনের একটি রীতি। তাই বক্তৃতার মাধ্যমেই এসবের জবাব দেওয়া বাঞ্ছনীয়। তিনি সংসদ সদস্যদের শান্ত থাকার এবং একে অপরের বক্তব্যে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানান। বুধবার সংসদ অধিবেশনে এই পরিস্থিতি তৈরি হয়।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









