জাতীয়
দুই রাষ্ট্রদূতের নিয়োগের মেয়াদ বাতিল করল সরকার

ঢাকা, ২২ এপ্রিল – অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তিতে নিয়োগ পাওয়া দুইজন রাষ্ট্রদূতের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ময়নুল ইসলামকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর থেকে পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশের মাধ্যমে ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে তাদের চুক্তিকালীন নিয়োগের বাকি মেয়াদটুকু আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









