শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা বাড়ির পথে

গোপালগঞ্জ, ১৮ জুলাই- লকডাউনে আটকে পড়া গোপালগঞ্জ ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা প্রশাসনের নিজস্ব বাসে বাড়ির পথে রওনা হয়েছেন।

রবিবার সকাল ৮টার কিছু সময় পর থেকেই শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি বাস ক্যাম্পাস থেকে একাধিক রুটে ছেড়ে গেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা উপস্থিত ছিলেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকালে যেসব বাস শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছেড়ে যায় সেগুলো হলো-(১) গোপালগঞ্জ-ঢাকা, (২) গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, (৩) গোপালগঞ্জ-খুলনা-যশোর, (৪) গোপালগঞ্জ-টেকেরহাট-বরিশাল-পটুয়াখালী, (৫) গোপালগঞ্জ-খুলনা-চুকনগর-সাতক্ষীরা-নাভারণ ও (৬) গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা। এছাড়া রাত ৮টায় গোপালগঞ্জ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জের উদ্দেশে বাস ছেড়ে যাবে।

এর আগে, গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। যে সকল শিক্ষার্থীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী  আবেদন করেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language