সংগীত

ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মৌমিতা

ঢাকা, ১১ জুলাই – আসছে ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া। ‘চাঁদ জোছনা ঢালে’ শিরোনামের নতুন এই গানটি লিখেছেন শহীদুর রহমান এবং সুর করেছেন এস আর সারোয়ার। গানটি চিত্রায়িত হয়েছে ভারতের আসামে। আসছে ঈদেই গানটি অবমুক্ত হবে।

গান নিয়ে মৌমিতা বলেন, ‘পৃথিবী যতোদিন থাকবে, ততোদিন গান সৃষ্টি হবে। সুন্দর কথার মনে কাড়া সুরের গানগুলো থেকে যাবে। চাঁদ জোছনা ঢালে ঠিক এমনই একটি গান। আমার অনেক আশা, স্বপ্ন এই গানটিকে ঘিরে।

ছোটবেলায় ভাবতাম বড় হয়ে শ্রদ্ধেয় লতা মুঙ্গেশকর কিংবা সন্ধ্যা মুখার্জির মতো হবো। সত্যিই নিজেকে আগামী ১০ বছরে সাধনা করে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, মেয়েরা যেন স্বপ্ন দেখে আমার মতো হওয়ার।’

মৌমিতা ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠতে শীর্ষ দশে উঠে আসা এমন একজন সংগীতশিল্পী যিনি গানে নিজেকে সিদ্ধহস্ত করেই সংগীতাঙ্গনে পেশাগতভাবে নিজেকে সম্পৃক্ত করেছেন। তার কণ্ঠটি এমনই মধুর যে, কণ্ঠের যত্ন করা গেলে সেই কণ্ঠটিই হয়ে উঠতে পারে, এই প্রজন্মের একটি চিহ্নিত কণ্ঠ।

মৌমিতা বড়ুয়া চট্টগ্রামের মেয়ে। বাবা ত্রিবিদ বড়ুয়া রানার কাছে গানে হাতেখড়ি। সুব্রত দাশ অনুজের কাছে উচ্চাঙ্গ সংগীতে গেল ১৩ বছর যাবৎ তালিম নিচ্ছেন।

এন এইচ, ১১ জুলাই

Back to top button
🌐 Read in Your Language