ক্রিকেট

উড়ন্ত সূচনার পর ধাক্কা খেলো মোহামেডান

ঢাকা, ২১ জুন – প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু উড়ন্ত সূচনার পর ধাক্কা খায় দলটি। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের রান ৮০। উইকেটে আছেন ইরফান শুক্কুর ও নাদীফ চৌধুরী।

এর আগের পাওয়ার প্লের ৬ ওভারে মোহামেডানের রান ছিল ১ উইকেটে ৫৯। পাওয়ার প্লে’র শেষ ওভারে ইমন সাজঘরে ফেরেন মোস্তাফিজের বলে। এরপর আব্দুল মজিদ (১৪) ও শামসুর রহমান (৩) দ্রুত আউট হন।

ইমন ও মজিদ দলকে ভালো শুরু এনে দেন। দলে ফেরা ইমন শুরু থেকেই আগ্রাসন দেখান। বাঁহাতি ব্যাটসম্যান ৪৯ রানের ইনিংসটি সাজাতে ৫টি ছক্কা হাঁকান। পঞ্চম ওভারে শরিফুলের এক ওভারে দুটি ছক্কা ও দুটি চার আদায় করে নেন তিনি।

মোস্তাফিজের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল উড়াতে গিয়ে মিড অফে ক্যাচ দেন ইমন। এর আগে ২০ বলে তার ব্যাট থেকে আসে ৪৯ রান। পেছনে গিয়ে এক হাত উঠিয়ে দারুণ ক্যাচ নিয়ে প্রাইম ব্যাংককে উইকেটের স্বাদ এনে দেন শরিফুল।

মজিদ সপ্তম ওভারে মনির হোসেনের বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দেন। এরপর শামসুর রহমান শরিফুলের বল পুল করতে গিয়ে মিড উইকেটে রুয়েল মিয়ার দারুণ ক্যাচের শিকার হন।

দুই দলই নিজেদের প্রথম সুপার লিগের খেলায় হেরেছিল। আজ কার মুখে বিজয়ের হাসি ফুটে সেটাই দেখার।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ২১ জুন


Back to top button
🌐 Read in Your Language