বলিউড

সম্পর্ক তিক্ত হলে বেরিয়ে আসা উচিত: মিনিশা লাম্বা

মুম্বাই, ১১ জুন – বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা। ‘হানিমুন প্রাইভেট লিমিটেড’, ‘দাস কাহানিয়া’, ‘কিডন্যাপ’, ‘ওয়েলডান আব্বা’, ‘বাচনা অ্যায় হাসিনো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৫ সালে হোটেল ব্যবসায়ী রায়ান থামকে বিয়ে করেন মিনিশা। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের আগস্টে এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিনিশা বলেন, ‘আমি বিষয়টিকে এভাবে ভেবেছি: সবারই সুখে থাকার অধিকার আছে। এক সময় ডিভোর্সকে সমাজে ভিন্নভাবে দেখা হতো। কিন্তু এখন সময় বদলে গেছে। নারীরা আত্মনির্ভরশীল হচ্ছে। তাদের নিজস্ব মত আছে। আগে সম্পর্কের সব দায় নারীদের নিতে এবং প্রয়োজন তাদেরই ত্যাগ স্বীকার করতে হতো। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে, যদি দাম্পত্য জীবন সুখের না হয় তাহলে এটি থেকে সরে আসার অধিকার তাদের রয়েছে।’

মুম্বাইয়ের জুহুতে রায়ানের নাইট ক্লাবে তাদের প্রথম দেখা হয়। এরপর কয়েকমাস ডেট করেন তারা। পরবর্তী সময়ে বিয়ে করেন। ডিভোর্স তার জন্য সহজ ছিল না, কিন্তু এ ছাড়া উপায় ছিল না বলে জানান মিনিশা।

এই অভিনেত্রীর ভাষায়, ‘সম্পর্ক তিক্ত হলে সেটি থেকে বেরিয়ে আসা উচিত। আমি বলতে চাই, সম্পর্ক ও বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এগুলো মানেই জীবন নয়। দুর্ভাগ্যবশত, মেয়েদের তাদের সম্পর্ক অথবা বৈবাহিক অবস্থার বিচারে বিবেচনা করা হয়। তবে এখন সময় বদলাচ্ছে।’

এন এইচ, ১১ জুন

Back to top button
🌐 Read in Your Language