সংগীত

মা হারানোর শোক ভুলে মানুষের পাশে অরিজিৎ

মুম্বাই, ০৪ জুন – পশ্চিমবঙ্গের ছেলে অরিজিৎ সিং। তবে পুরো ভারত বর্ষেই এখন তিনি জনপ্রিয়। সম্প্রতি এই গায়ক তার মাকে হারিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন তার মা। সেরে উঠলেও কয়েক দিনের মধ্যেই মারা যান তিনি। মাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের সব জায়গাতেই অক্সিজেনের ঘাটতি। অক্সিজেন না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে গিয়েও মিলছে না অক্সিজেন। করোনা রোগীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন অরিজিৎ।

নিজ এলাকা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহায্য করেছেন তিনি। কিন্তু নিজ গ্রামের মানুষের জন্য আরও কিছু করতে চান তিনি। গান ছাড়া যে কিছুই জানা নেই তার। তাই গানকেই ভরসা করে মানুষের জন্য কাজ করতে চলেছেন অরিজিৎ।

জানালেন, এবার অনলাইন কনসার্ট করবেন। অনলাইনে গান গাইবেন, শো করবেন। আর সেখান থেকে তোলা টাকা মানুষের কাজে লাগাবেন গায়ক।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও আপলোড করে অরিজিৎ জানান, করোনাকালে মানুষের অবস্থা খুব খারাপ। কিন্তু গ্রামের অবস্থা আরও খারাপ। এখানে সামান্য একটা টেস্ট করাতে গেলে যেতে হয় অনেকটা দূর। সেখানে কোভিড টেস্ট করানো খুব মুশকিল। এদিকে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় গ্রামের হাসপাতালগুলোকে উন্নত করা দরকার। তাই আমি ভেবেছি আমি কিছু করবো। কিন্তু গান ছাড়া যে আমার কিছুই জানা নেই। তাই অনলাইন কনসার্ট করবো। সেখান থেকে টাকা তুলে হাসপাতালে অত্যাধুনিক অক্সিজেন থেকে সব ব্যবস্থা করা হবে। যাতে মানুষের সুরাহা হয় এই খারাপ সময়ে। আমাকে অনেকে কথা দিয়েছেন পাশে থাকবেন। আমি আবেদন করবো আপনারাও আমার পাশে থাকুন।

অরিজিতের এই পোস্ট দেখার পর ভক্তরা প্রশংসায় মেতেছেন। এই সময়ে তিনি যা করছেন তার জন্য শুধু টাকা নয় একটা বড় মনের দরকার। আর তা আছে অরিজিতের। তার গলায় আছে গানের জাদু। সেই জাদুতেই ভরসা করে এবার মানুষের পাশে তিনি।

এন এইচ, ০৪ জুন


Back to top button
🌐 Read in Your Language