বিচিত্রতা

বানানো হচ্ছে বোতল-বালি দিয়ে বাসাবাড়ি

প্লাস্টিক দূষণ ঠেকাতে এবং বেকারত্ব দূর করতে নতুন এক প্রকল্প হাতে নিয়েছে নাইজেরিয়া। প্রকল্পের আওতায় প্লাস্টিক বোতল এবং বালি দিয়ে বানানো হচ্ছে বাসাবাড়ি। এই বাড়িগুলো পরিবেশ সম্মত এবং দীর্ঘস্থায়ী।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২০ কিলোমিটার দূরে নির্মাণ হচ্ছে আফ্রিকার বৃহত্তম বোতল বাড়ি। প্লাস্টিক, বালি ও কংক্রিট মিশিয়ে তৈরি এই বাড়ি। এখন পর্যন্ত বাড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ৪৬ হাজারেরও বেশি পলিথিলিন টেরেফথালেট বোতল। বোতলগুলো বর্জ্য থেকে সংগ্রহ করা হয়েছে, অনেকে স্বেচ্ছায় দানও করেছেন।

প্রায় ১৯ কোটি মানুষের দেশটিতে প্লাস্টিক একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্লাস্টিক বোতল মাঝেমধ্যেই দেশটির শহরগুলোর পয়ঃনিষ্কাষণ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে৷ বর্ষাকালে পরিস্থিতি আরও বাজে রূপ নেয়। বছরে উৎপাদিত ৩ দশমিক ২ টন বর্জ্য ব্যবস্থাপনায় দেশটিতে নেই তেমন কার্যকর ব্যবস্থা। ফলে রিসাইক্লিং যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

নির্মাণ প্রকৌশলী ইয়াহিয়া আহমেদ জার্মানিতে ২৭ বছর ধরে বাস করেছেন, চাকরিও করেছেন। নিজের দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে তিনি বেশ চিন্তিত। দক্ষিণ আমেরিকায় বানানো এ ধরনের কিছু বাড়ি থেকেই এই ধারণা পান আহমেদ।

তিনি বলেন, জার্মানিতে এক বন্ধু আমাকে এ বুদ্ধি দেয়। ভাবলাম, নাইজেরিয়াতে এটা কাজে লাগানো যায়।

নাইজেরিয়ার ১৫ থেকে ২৪ বছর বয়সীদের এক চতুর্থাংশেরই কোনো নিয়মিত আয় নেই। অনেককেই শেষ পর্যন্ত জীবনধারণে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি বা চুরি।

আহমেদ বলছেন, এদের অনেকে রাজনীতির শিকারে পরিণত হয়, কেউ জড়িয়ে পড়ে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে। এজন্য তাদের বিকল্প উপায় দিতে হবে।

নির্মাণ প্রক্রিয়া বিস্ময়করভাবে সহজ। প্লাস্টিকের খালি বোতল বালি এবং পাথরকুঁচি দিয়ে ভর্তি করা হয়। এরপর নাইলনের দড়ি দিয়ে বেঁধে সেগুলোকে একটার ওপর একটা সাজিয়ে কাদা দিয়ে আটকে দেয়া হয়। এই পদ্ধতি যে শুধু পরিবেশ বান্ধব তাই নয়, খরচও অনেক কম। এতে নির্মাণ খরচ প্রায় দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব।

ইটের বাড়ি বানানোর প্রশিক্ষণ নিয়েছিলেন সিইবা। কিন্তু গত সাত বছর ধরে তিনি ইটের বদলে বাড়ি বানাচ্ছেন বোতল দিয়ে।

সিইবা বলেন, প্রথমে বোতল দিয়ে বাড়ি বানাতে খুব অস্বস্তি লাগতো। কিন্তু একবার কৌশল শিখে গেলে সব সহজ হয়ে যায়।

বোতল বাড়ির আরেক বড় সুবিধা- স্থায়ীত্ব। বালিভর্তি বোতলগুলো প্রায় অবিনশ্বরই বলা চলে। দক্ষিণ অ্যামেরিকার হন্ডুরাসে বানানো এমন কিছু বাড়ি ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পেও অক্ষত ছিল। নির্মাতাদের দাবি, এই বাড়িগুলো বুলেটপ্রুফ।

আবুজা প্রকল্পে নানা আকারের ও বর্ণের প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়। ফলে নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইনে বাড়ি বানাতেও কোনো বাধা নেই। উত্তর নাইজেরিয়ার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যের সাথে নানা রং ও নকশা মিলিয়ে তৈরি হচ্ছে অপূর্ব কিছু বাড়ি।

এম এন / ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language