অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা

নড়াইল, ০২ জুন– অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলায় মামুন মোল্লা (২০) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুন) বিকেলে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে ভুয়া পেজ খুলে অনলাইনে পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে আসছিলো মামুন মোল্লা নামের এই যুবক। সে ফেসবুকে রংধনু শাড়ি প্যালেস নামের ঐ ফেসবুক পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা। এ অভিযোগের প্রেক্ষিতে কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে মামুন মোল্লাকে গ্রেপ্তার করেন। মামুন পাটেশ্বরী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
সূত্র : আরটিভি
এম এন / ০২ জুন









